জলবায়ু পরিবর্তন ও সবুজ বাংলা বিনির্মানে নকশী বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…আবুল হাসান এমপি

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, সবুজ বাংলা বিনির্মানে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে নকশী বাংলা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রবিবার (২৩ মে) দুপুরে জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসা প্রাঙ্গণে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’ আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান এমপি আরও বলেন, বর্তমান সময়ে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এসব মোকাবিলায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর কর্মসূচিতে শামিল হতে হবে।

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।

বৃক্ষরোপণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, বৃক্ষরোপণ প্রকল্পের ফাইন্যান্স ডিরেক্টর সাংবাদিক মো. হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফিজ আহমদ আলী রায়পুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু হানিফা, জামিয়া ছায়িদিয়া আনন্দপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আহমেদ হোসাইন আইমান এবং জাকারিয়া আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে।